ইন্টারনেট
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সারাওয়াক রাজ্যের লং লেলাংয়ের স্বল্প দূরত্বে উড্ডয়ন ও অবতরণের উপযোগী বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমাদ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে একজন পাইলট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন কর্মী ছিলেন। নিহত স্বাস্থ্যকর্মীদের মধ্যে একজন মেডিকেল কর্মকর্তা, একজন সহকারী মেডিকেল কর্মকর্তা এবং দুজন নার্স ছিলেন। তারা সবাই সরকারি দায়িত্বে ছিলেন।
সারাওয়াকের মিরি শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।
‘ফ্লাইং ডক্টর’ সেবার মাধ্যমে সাধারণত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়। এ সেবায় জরুরি রোগী পরিবহনসহ বিভিন্ন চিকিৎসা ও ক্লিনিক্যাল কার্যক্রম পরিচালনায় উড়োজাহাজ বা হেলিকপ্টার ব্যবহার করা হয়।
সারাওয়াক পুলিশের কমিশনার মোহামাদ জাইনাল আবদুল্লাহ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালাতে গিয়ে ঘন ধোঁয়াশার কারণে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। দৃশ্যমানতা কম থাকায় উদ্ধারকারীদের আকাশপথে অভিযান পরিচালনার অনুমতি দেওয়া হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলটি একটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় সড়কপথে সেখানে পৌঁছাতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে।
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো ঘটনাটি তদন্ত করছে।
এদিকে বোর্নিও দ্বীপের সারাওয়াক অঞ্চলটি প্রতিবেশী ইন্দোনেশিয়ার বনাঞ্চলে সৃষ্ট দাবানলের ধোঁয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যটির বিভিন্ন এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।
বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর পর গত সপ্তাহে সারাওয়াকের সেরিয়ান জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছিল মালয়েশিয়া। তবে পরে বায়ুর মানের উন্নতি হওয়ায় সেই ঘোষণা প্রত্যাহার করা হয়।
বসির আহমেদ