ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেনে সরকারি বাহিনীর বড় অভিযান, ৫৫৮ হুথি যোদ্ধা নিহতের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
ইয়েমেনে সরকারি বাহিনীর বড় অভিযান, ৫৫৮ হুথি যোদ্ধা নিহতের দাবি ছবির ক্যাপশন:
ad728

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। অভিযানে সরকারি বাহিনী তাইজে হুথিদের কয়েকটি অবস্থান দখল করে এবং তাদের পিছু হটতে বাধ্য করে।

আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে হামলাগুলো চালানো হয়। এতে হুথিদের সামরিক অবস্থান, রসদ সরবরাহের পথ ও শক্তিবৃদ্ধির কার্যক্রম ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রণাঙ্গন ও শাবওয়া প্রদেশেও হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চলছে। পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছেও হুথিদের অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে সরকারি বাহিনী।

এদিকে সোমবার শাবওয়া প্রদেশের আল-আলাম সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ৫ অক্টোবর থেকে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে অভিযান চালাচ্ছে। সৌদি আরব এ অভিযানে বিমান সহায়তা দিচ্ছে। এর লক্ষ্য হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনরুদ্ধার এবং রাজধানী সানাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তবে ৫৫৮ হুথি যোদ্ধা নিহত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সূত্র: আরব নিউজ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ বিশ্ব জনসংখ্যা দিবস

আজ বিশ্ব জনসংখ্যা দিবস