২০২৬ বিশ্বকাপের 'গোল্ডেন বল' জেতা রদ্রি নিজেই বার্সায় যেতে আগ্রহী। 'দ্য অ্যাথলেটিক' এই দাবি করে বলেছে, নিজের চূড়ান্ত সিদ্ধান্ত রিয়ালকে জানিয়ে দিয়েছেন ৩০ বছরের মিডফিল্ডার। আর তা মেনেও নিয়েছে মাদ্রিদ ক্লাবটি।
গত ২৪ জুলাই এই পত্রিকাই জানিয়েছিলো, রদ্রিকে দলে নেওয়ার কাজ গুছিয়ে এনেছে রিয়াল। ব্যক্তিগত শর্তাবলি নিয়ে রদ্রি-রিয়ালের সমঝোতা হয়ে যাওয়ার খবরও দিয়েছিলো স্প্যানিশ সংবাদমাধ্যম। বাকি ছিলো দুই ক্লাবের 'ট্রান্সফার ফি' নিয়ে চূড়ান্ত আলোচনা।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রিয়ালের সঙ্গে সবশেষ আলোচনায় বার্সায় যোগ দিতে চাওয়ার কারণগুলো স্পষ্ট করেছেন রদ্রি। সিটিতে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে যে ঘরানার ফুটবল খেলেন, সেটা হান্সি ফ্লিকের বার্সায় খুবই মানানসই। স্পেন জাতীয় দলে তার যে ভূমিকা, কাম্প ন্যুয়ে সেই ভূমিকাতেই খেলতে পারবেন।
জাতীয় দলের আট সতীর্থ জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি, গাভি, দানি ওলমো, পেদ্রি, ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগও পাবেন ২০২৪ সালের ব্যালন ডি'অর বিজয়ী তারকা।
বসির আহমেদ