চলতি সিরিজ হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ পিছিয়ে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে বাংলাদেশ। তাদের পেছনে ফেলে ৩৮.৫৪ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। ২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলে ৩ জয় ও ২ ড্রয়ের বিপরীতে ৫টিতে হেরেছে বাংলাদেশ। সম্ভাব্য ১২০ পয়েন্টের মধ্যে টাইগারদের সংগ্রহ ৪৪, যা পয়েন্ট প্রাপ্তির হার ৩৬.৬৭ শতাংশে নামিয়ে এনেছে।
একসময় ফাইনালের স্বপ্ন বেশ জোরালোভাবেই দেখছিল বাংলাদেশ। পাকিস্তানকে ধবলধোলাই করার পর গত জুলাইয়ে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে ছিল তারা। আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার পরও সেই অবস্থান ধরে রেখেছিল। কিন্তু এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হার এবং সবশেষ দক্ষিণ আফ্রিকায় ধবলধোলাই হয়ে সেই স্বপ্ন ভেঙে চুরমার হলো।
দলীয় ব্যর্থতার মাঝেও চলতি চক্রে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৭৬৯ রান করেছেন শান্ত, আর বোলিংয়ে সর্বোচ্চ ২৮ উইকেট শিকার করেছেন তাইজুল।
অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও সুসংহত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে ৭ জয়ে তাদের পয়েন্ট প্রাপ্তির হার ৭৭.৭৮ শতাংশ। ৬৯.২৩ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ৬৬.৬৭ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড এবং ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভারত।
উল্লেখ্য, ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের ফাইনাল, যেখানে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
বিভি/একেএম/টিটি
বসির আহমেদ