ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতন অব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতন অব্যাহত ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার দিনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। পরে বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম দাঁড়ায় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। আগের দিনের তুলনায় এ দাম ৩ শতাংশ কম। রয়টার্সের খবর।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস কমলো স্বর্ণের দাম। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই খাতের শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে বিক্রি করছেন স্বর্ণের বিনিয়োগও। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং শক্তিশালী ডলার স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে পাওয়া গেছে সুদের হার বাড়ানোর ইঙ্গিতও। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। বাজার বিশ্লেষকদের হিসাবে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

এদিকে শুধু স্বর্ণ নয়, কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ, আর প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ।

তবে বাজার বিশ্লেষক জিম ওয়াইকফের ধারণা, আগামী কয়েক কার্যদিবসে স্বর্ণ ও রুপার দাম আরও কমতে পারে। তবে খুব শিগগিরই এই দুই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা থামতে পারে বলেও মনে করেন তিনি। সূত্র: রয়টার্স।

বিভি/ এআই


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অতিরিক্ত দামে টিকিট বিক্রি, হাতেনাতে ধরলেন নৌ প্রতিমন্ত্রী

অতিরিক্ত দামে টিকিট বিক্রি, হাতেনাতে ধরলেন নৌ প্রতিমন্ত্রী