১৫ এপ্রিলের মধ্যে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ ট্যাংকার
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 9, 2026 ইং
ছবির ক্যাপশন:
আগামী ১৫ এপ্রিলের মধ্যে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আরও পাঁচটি ট্যাংকার আসছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এসব জ্বালানিবাহী জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করছে। সূত্র জানায়, আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) মালয়েশিয়া থেকে ‘মর্নিং জেন’ নামে একটি এলপিজিবাহী ট্যাংকার দেশের জলসীমায় পৌঁছাবে। একই দিনে ‘এমেই’ নামে আরেকটি ট্যাংকারে করে যুক্তরাষ্ট্র থেকে আসবে এলএনজি। এরপর শনিবার যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরেকটি জ্বালানিবাহী ট্যাংকার এলএনজি নিয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ‘পল’ নামের একটি ট্যাংকার এলপিজি নিয়ে আসবে। ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ নামের আরেকটি ট্যাংকার এলএনজি নিয়ে দেশের জলসীমায় ভিড়বে। এর আগে বুধবার রাতে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে একটি জ্বালানিবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে পতেঙ্গার ডলফিন জেটিতে ট্যাংকারটির নোঙর করার কথা রয়েছে। এরপর শুরু হবে অকটেন খালাসের কার্যক্রম। এছাড়াও বুধবার রাতেই মালয়েশিয়া থেকে হাই সালফার ফুয়েল অয়েল নিয়ে ‘ইস্টার্ন কুইন্স’ নামে আরেকটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি ও এলএনজিসহ বিভিন্ন জ্বালানি নিয়ে অন্তত ৩৬টি জাহাজ দেশে এসেছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স