ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে সুগন্ধি চালের চড়া দাম, কঠোর হচ্ছে রফতানির শর্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
দেশের বাজারে সুগন্ধি চালের চড়া দাম, কঠোর হচ্ছে রফতানির শর্ত ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সুগন্ধি চালের বর্তমান বাজার পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আগে দেওয়া রফতানি অনুমোদনের পরিমাণ কমানো বা সমন্বয় করা প্রয়োজন। এ কারণে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রকৃত রফতানির পরিমাণের বিস্তারিত তথ্য রফতানি-২ শাখায় জমা দিতে হবে।

এর ফলে অনুমোদন পাওয়ার পরও যারা নির্ধারিত পরিমাণ সুগন্ধি চাল রফতানি করতে পারেনি বা আংশিক রফতানি করেছে, তাদের অব্যবহৃত কোটা পুনর্বিবেচনার আওতায় আসতে পারে।

এর আগে গত ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সুগন্ধি চালের বাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ওই বৈঠকে চালের উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা, বাজার পরিস্থিতি এবং রফতানির প্রকৃত চিত্র পর্যালোচনা করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে প্রথম দফায় গত ১৩ মে ২১১টি এবং দ্বিতীয় দফায় ৬৭টি—মোট ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

তবে গত ২ আগস্টের বৈঠকে জানানো হয়, অনুমোদন পাওয়া অনেক প্রতিষ্ঠানই তাদের নির্ধারিত কোটা অনুযায়ী চাল রফতানি করতে পারেনি। কেউ কেউ আবার আংশিক রফতানি করেছে। ফলে অনুমোদিত কোটা ও প্রকৃত রফতানির মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। এ কারণেই প্রতিষ্ঠানভিত্তিক প্রকৃত রফতানির হালনাগাদ তথ্য সংগ্রহ করছে মন্ত্রণালয়।

বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশের শীর্ষ ১০টি বড় মিলমালিকের কাছে বিপুল পরিমাণ সুগন্ধি চাল মজুদ রয়েছে। বাজারে প্রয়োজন অনুযায়ী চাল সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরি করার কারণেই দাম বেড়েছে বলেও দাবি করেন তারা।

এ পরিস্থিতিতে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার প্রবণতা ঠেকাতে বাজার তদারকি আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে বাজার মনিটরিং বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি রফতানির অনুমতি পেয়েও যারা নির্ধারিত পরিমাণ সুগন্ধি চাল বিদেশে পাঠাতে পারেনি, তাদের অব্যবহৃত কোটা বহাল রাখার যৌক্তিকতা খতিয়ে দেখবে সরকার।

প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত রফতানি কোটা কমানো বা সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের লক্ষ্য—একদিকে দেশের বাজারে সুগন্ধি চালের সরবরাহ স্বাভাবিক রাখা, অন্যদিকে প্রকৃত সক্ষম রফতানিকারকদের সুযোগ অব্যাহত রাখা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টায় পশুর বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি, প্রস্তুত সাড়ে ১৩

৮ ঘণ্টায় পশুর বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি, প্রস্তুত সাড়ে ১৩