রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ইঙ্গিত দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দুটি হাতের ওপর বিয়ের আংটি দেখা যায়। ধারণা করা হচ্ছে, একটি হাত রোনালদোর এবং অন্যটি তার স্ত্রী জর্জিনার।
পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো বিয়েটিকে ‘বছরের সেরা বিয়ে’ হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট লিসবনের কাছের উপকূলীয় শহর ক্যাসকাইসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল বলে জানা গেছে।
রোনালদোর মোট পাঁচ সন্তান রয়েছে। এর মধ্যে দুজন জর্জিনার সঙ্গে তার সন্তান। রোনালদোর অন্য তিন সন্তানকেও বড় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জর্জিনা। বর্তমানে পুরো পরিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছে।
২০১৭ সালে তাদের প্রথম সন্তান আলানা মার্টিনার জন্ম হয়। ২০২২ সালের এপ্রিলে জর্জিনা যমজ সন্তানের জন্ম দেন। তবে তাদের ছেলে সন্তানটি জন্মের পর মারা যায়। তাদের মেয়ে বেলা বর্তমানে জীবিত।
ফুটবল ক্যারিয়ারে প্রায় ১ হাজার গোলের কাছাকাছি পৌঁছে যাওয়া রোনালদো লিসবনের স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, সৌদি আরবের আল-নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন।
বর্তমানে পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদো সম্প্রতি নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে খেলেছেন। পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার অংশ নেওয়ার রেকর্ডে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে তার নাম রয়েছে।
৪১ বছর বয়সী রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। এই তালিকায় তার ওপরে আছেন মেসি, যিনি আটবার এই পুরস্কার জিতেছেন।
২০২২ সালে আল-নাসরে যোগ দেন রোনালদো। গত বছর সৌদি ক্লাবটি নিশ্চিত করে, তিনি আরও দুই বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন। ফলে ২০২৭ সাল পর্যন্ত রিয়াদের ক্লাবটিতে থাকার কথা রয়েছে তার।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের গত বছরের হিসাব অনুযায়ী, রোনালদোর সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলার। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হওয়ার নজিরও গড়েছেন।
সূত্র: বিবিসি
বসির আহমেদ