বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-ডব্লিউই-৫-এর উভয় দিকের সংযোগ বন্ধ ছিল। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কমে যায়।
বিএসসিপিএলসি জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে কেবলটির সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টার দিকে সংযোগ পুনরায় সচল হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে কারিগরি ত্রুটি দেখা দিতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও দেশের কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায়। পরে সাবমেরিন ক্যাবলটি সচল হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করে।
বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে কেবলটি কিছু সময়ের জন্য ডাউন ছিল। বর্তমানে সংযোগ স্বাভাবিক রয়েছে এবং সামগ্রিকভাবে ইন্টারনেট সেবায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।
বসির আহমেদ