ঈদযাত্রা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চাপ বেড়েছে, নেই ভোগান্তি
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 17, 2026 ইং
ছবির ক্যাপশন:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্তে। এর প্রভাব পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে, যেখানে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে চাপ বেড়ালেও এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই দুই নৌরুটে যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি ডিজিএম আব্দুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে রয়েছে ৫টি ফেরি। এছাড়াও যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে ৩৫টি লঞ্চ চালু রাখা হয়েছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যানজট এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবং যথাযথ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদ যাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে। তবে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স