মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে দুই লাখ তিন হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দুই লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে ২০ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় তিন হাজার ৮৪৯ টাকা। এতে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৭ বার সমন্বয় করা হয় স্বর্ণের দাম। যেখানে দাম ৫৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়, আর কমানো হয় ২৯ বার।
বসির আহমেদ