হৃদয়ের ৩৫০ রানের অপরাজিত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ ‘এ’ দল। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হৃদয়।
এই ইনিংস খেলার পথে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিনের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ২০১৯ সালে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেটিই এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। এবার ৩৫০ রানে অপরাজিত থেকে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন হৃদয়।
হৃদয় লিখেছেন, ‘সত্যি বলতে, এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনো পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল, কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব, ইনশাআল্লাহ।’
নিজের স্বপ্ন পূরণে সৃষ্টিকর্তা ও মায়ের দোয়ার ওপরও আস্থা রাখছেন হৃদয়। তিনি বলেন, ‘আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’
এদিকে আগামী নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। স্কোয়াডে জায়গা পাওয়ার পাশাপাশি একাদশে সুযোগ মিললে প্রোটিয়াদের বিপক্ষেই জাতীয় দলের হয়ে বড় ইনিংস খেলার স্বপ্ন পূরণের সুযোগ পেতে পারেন হৃদয়।
বসির আহমেদ