মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘আনন্দের সঙ্গে অবহিত করছি, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে আগামী দিনে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ আসবে। পাশাপাশি দেশের তরুণদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মাহদী আমিন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তাতে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন সম্ভব হয়েছে। নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এসব ইতিবাচক পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য অর্থায়নের এই সুযোগ তৈরি করেছে।
বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ডিএফসির এই তহবিলের আওতায় ‘কেস টু কেস’ ভিত্তিতে প্রতিটি প্রকল্প বিবেচনা করা হবে। এর মাধ্যমে আগামী দিনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিভি/জেএ/পিএইচ
বসির আহমেদ