‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত ওই কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নতুন করে তদন্ত না করার সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পরই ব্যানক্রফটের এ বক্তব্য সামনে আসে।
‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় লেখা কলামে ব্যানক্রফট বলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি শুধু তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তিনি জানতেন—বিষয়টি এমন নয়; পুরো দলই এ সম্পর্কে অবগত ছিল।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের এক পাশ ঘষে রিভার্স সুইং আদায়ের চেষ্টা করেন ব্যানক্রফট। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে এ ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দায়ী করা হয়। তিনজনকেই দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তবে গত শুক্রবার সংবাদ সম্মেলনে কামিন্স খাজার অভিযোগকে ‘১০০ শতাংশ ভুল’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি একে ‘সম্পূর্ণ ও চরম অর্থহীন’ বলেও মন্তব্য করেন।
এর আগে ২০২১ সালে এক সাক্ষাৎকারে ব্যানক্রফট ইঙ্গিত দিয়েছিলেন, কামিন্সসহ দলের বোলাররা বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন। তখন কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন এ অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তারা এ বিষয়ে কিছুই জানতেন না।
সিএর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, অতীতের ঘটনার নতুন করে বিচার করা এ উদ্যোগের উদ্দেশ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতেই ফোরাম গঠন করা হচ্ছে।
বসির আহমেদ