৩৬ জনকে সংবর্ধনা দিলো বিমান বাহিনী
সোমবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংবর্ধনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি স্বাগত বক্তব্য দেন তিনি।
বক্তব্যে বিমান বাহিনী প্রধান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। সেই বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র ও ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, বিমান বাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়নও হয়েছে।
বিমান বাহিনী প্রধান বলেন, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতা এবং আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।
বসির আহমেদ