ঢাকা | বঙ্গাব্দ

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকট

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকট ছবির ক্যাপশন:
ad728

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়াশার পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। দলটি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দলের নেতা গাদি আইজেনকট এবং ইসরাইল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর উভয় নেতা জোট চুক্তিতে সই করার বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছান। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশটিতে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক জোট চুক্তি।

গত মাসের নির্বাচনে ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ওই নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার অতি-ডানপন্থী ও কট্টর-অর্থোডক্স মিত্রদের জোট ৫৩টি আসন পায়। অন্যদিকে, আইজেনকটের ইয়াশার পার্টি পায় ২১টি আসন এবং লিবারম্যানের দল পায় ৭টি আসন। এই নতুন সমঝোতার ফলে আইজেনকটের ঝুলিতে আপাতত ২৮টি আসনের সমর্থন নিশ্চিত হলো।

নির্বাচনের পর নেসেটের ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশের ভিত্তিতে গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকটকে দায়িত্ব বা ম্যান্ডেট দেন। নিয়ম অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে ২৮ দিনের নির্ধারিত সময়ে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তবে প্রয়োজনে প্রেসিডেন্টের কাছ থেকে তিনি আরও ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বেনইয়ামিন নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিবারম্যানের সঙ্গে জোটের সমঝোতা হলেও আইজেনকটের সামনে সরকার গঠনের পথ এখনো বেশ কণ্টকাকীর্ণ। পার্লামেন্টে আরব দলগুলোর ১৯টি আসন রয়েছে, যাদের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের একটি বিকল্প আলোচনা চলছিল। কিন্তু আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরব দলগুলোর অংশগ্রহণ বা সমর্থন রয়েছে এমন কোনো সরকারে তিনি যোগ দেবেন না। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে আইজেনকটের সাম্প্রতিক আলোচনার জেরে বিরোধী জোটের আরেক শরিক বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি মঙ্গলবার সন্ধ্যায় ইয়াশার পার্টির সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের জন্য আইজেনকটকে এখন কট্টর-অর্থোডক্স দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) কিংবা নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটের ওপর নির্ভর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট হার্জগ নেতানিয়াহুকে সরকার গঠনের সুযোগ দেবেন। আর তাতেও কোনো সমাধান না হলে আগামী বছর ইসরাইলে আবারও নতুন নির্বাচনের আয়োজন করতে হতে পারে।

সূত্র: আল-জাজিরা


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন