ঢাকা | বঙ্গাব্দ

নিজ এলাকায় সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
নিজ এলাকায় সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি ছবির ক্যাপশন:
ad728
চার দিনের সরকারি সফর শেষে নিজ জেলা পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। এর আগে শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের মাধ্যমে তাঁর চার দিনের সফর শুরু হয়। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন এবং সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের দ্বিতীয় দিন রবিবার (২৯ মার্চ) পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং উপস্থিত স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তবে সফর কাভার করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে কিছুটা রেষারেষি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অনুমোদনসংক্রান্ত জটিলতার কারণে তথ্য সংগ্রহে কিছুটা বিঘ্ন ঘটে। সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান। এ ছাড়া পাবনা সার্কিট হাউসে তিনি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিসিসিআই)-এর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা জেলার উন্নয়ন ও প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জেলার সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। এ ছাড়া ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সফরকালে তিনি পাবনা সদরের চরভবানীপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণকাজের অগ্রগতিও পরিদর্শন করেন। পুরো সফরজুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স