ঢাকা | বঙ্গাব্দ

‘বাংলাদেশ দখলের’ হুমকি, পশ্চিমবঙ্গের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলল হিন্দু সম্মিলন সংঘ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
‘বাংলাদেশ দখলের’ হুমকি, পশ্চিমবঙ্গের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলল হিন্দু সম্মিলন সংঘ ছবির ক্যাপশন:
ad728

অতি সম্প্রতি ভারতের বিজেপিশাসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ দখল’ করে নেওয়ার যে চরম দায়িত্বজ্ঞানহীন, ঔদ্ধত্যপূর্ণ, সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ’। ২৬ নভেম্বর কেন্দ্রীয় দপ্তর সেলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. এম কে রায় বলেন, “একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নিয়ে ভারতের রাজ্য সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন আগ্রাসী মন্তব্য আন্তর্জাতিক রীতিনীতি, কূটনৈতিক শিষ্টাচার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম পরিপন্থী। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এ দেশের হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে বা তাদের প্রতি তথাকথিত ‘দরদ’ দেখিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার কোনো অপচেষ্টা হিন্দু সমাজ কখনোই সমর্থন করে না এবং বরদাস্তও করবে না। এ দেশের হিন্দুরা বাংলাদেশেরই অবিচ্ছেদ্য নাগরিক; ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করতে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় এ দেশের হিন্দু সম্প্রদায়সহ ১৮ কোটি মানুষ যেকোনো আগ্রাসন রুখে দিতে সদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত।  আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে থেকে উসকানি দিয়ে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি, এ ধরনের উসকানিমূলক বক্তব্য দুই দেশের জনগণের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রেরই অংশ।  সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘের পক্ষ থেকে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিষয়ে অবস্থান স্পষ্ট করে তাকে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হোক। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল