হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলার জয়যাত্রা
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
যুদ্ধাবস্থায় পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার জন্য যাত্রা শুরু করেছে। বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি’র মালিকানাধীন জাহাজটিতে দেশের ৩১ জন নাবিক রয়েছেন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দুপুর একটায় দেখা যায়, জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজটির গতিবেগ দেখাচ্ছে ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল। জাহাজটির ড্রাফট ১০ দশমিক ৮০ মিটার। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে তারা দাম্মাম বন্দরের বহির্নোঙরে ছিলেন। যুদ্ধবিরতির পর এখন নোঙর তোলা হয়েছে। হরমুজের দিকে যাচ্ছেন। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে। হরমুজ থেকে ৪০০ নটিক্যাল মাইল দূরে রয়েছেন তাঁরা। হরমুজ পার হতে আরও অন্তত ৩৮ ঘন্টা সময় লাগতে পারে। বিএসসি জানায়, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটির পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে আগের অবস্থানে ফিরে যায়। যুদ্ধবিরতির পর এখন আবার যাত্রা শুরু করল জাহাজটি।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স