স্মার্টফোনে ম্যালওয়্যার, ফিশিং লিংক, ভুয়া অ্যাপ ও ডিজিটাল আর্থিক প্রতারণার ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ তৈরি করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড।
অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের লক্ষ্য হুমকি আসার আগেই তা শনাক্ত করে ঠেকানো। এর মধ্যে রয়েছে ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করা, সন্দেহজনক ওয়েবসাইট ও লিংকে প্রবেশের আগে সতর্ক করা এবং মোবাইল আর্থিক সেবা, ব্যাংকিং, মার্চেন্ট ও মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহারে নিরাপত্তা বাড়ানো।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাপটিতে অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার স্ক্যানিং, ফিশিং ও স্মিশিং (এসএমএসের মাধ্যমে প্রতারণা) প্রতিরোধ, ভুয়া অ্যাপ শনাক্তকরণ, র্যানসমওয়্যার সতর্কতা এবং ক্ষতিকর ওয়েবসাইট ও ট্র্যাকার ব্লক করার সুবিধা রয়েছে। বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ও অনলাইন ব্যাংকিং অ্যাপের পাশাপাশি অনলাইন কেনাকাটার (মার্চেন্ট) অ্যাপ এবং মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহারকারীদের জন্যও বিশেষ সতর্কবার্তার ব্যবস্থা রাখা হয়েছে।
সন্দেহজনক লিংক ও ভুয়া অ্যাপ শনাক্ত
‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ এসএমএসের নোটিফিকেশনে আসা ক্ষতিকর লিংক শনাক্ত করে তাতে ট্যাপ করার আগেই ব্যবহারকারীকে সতর্ক করে। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে থাকা ওয়েবসাইটের ঠিকানাও এটি হুমকি-তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখে এবং ফিশিং সাইট হলে সতর্ক করে। সন্দেহজনক কোনো ফোন নম্বরে কলব্যাক করার আগে নম্বরটি যাচাই করার সুবিধাও রয়েছে।
ভুয়া অ্যাপ শনাক্তে প্রতিটি অ্যাপের প্যাকেজ নাম ও ডিজিটাল সাইনিং সার্টিফিকেট অফিশিয়াল অ্যাপের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ গুগল প্লের বাইরে থেকে ইনস্টল বা হালনাগাদ করা হলে সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় যে এটি গুগল প্লের সংস্করণ নয় এবং এতে পিন বা ওটিপি দেওয়া উচিত নয়।
গুগল প্লের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রে অতিরিক্ত গভীর স্ক্যানের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে ফাইলের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হয়, যার মধ্যে মডিফাইড অ্যাপে কোড লুকানোর জন্য ব্যবহৃত বাড়তি ‘স্প্লিট’ ফাইলও রয়েছে। প্রয়োজন হলে তবেই ফাইলটি পূর্ণ স্ক্যানের জন্য আপলোড করা হয়, ফলে মোবাইল ডেটাও সাশ্রয় হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু নাম কোনো ব্যাংক বা ব্র্যান্ডের মতো দেখাচ্ছে বলে গুগল প্লের কোনো অ্যাপকে ক্ষতিকর বলা হয় না; পরিচিত ম্যালওয়্যারের সঙ্গে মিলের মতো সুনির্দিষ্ট প্রমাণ পেলেই কেবল কোনো অ্যাপকে বিপজ্জনক চিহ্নিত করা হয়।
এ ছাড়া ফোনকলের পরপরই কোনো ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ খোলা হলে ব্যবহারকারীকে পিন বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে মনে করিয়ে দেয় অ্যাপটি। প্রতিষ্ঠানটির দাবি, এ জন্য লেনদেনের কোনো তথ্য পড়া হয় না।
রিয়েল-টাইম সুরক্ষা ও স্বয়ংক্রিয় হালনাগাদ
র্যানসমওয়্যার ও ব্যক্তিগত ফাইলের সুরক্ষা
অ্যাপটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হলো র্যানসমওয়্যারের সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে আগাম সতর্কতা। এ ধরনের ক্ষতিকর সফটওয়্যার সাধারণত ডিভাইসের ফাইল আটকে দিয়ে বা এনক্রিপ্ট করে অর্থ দাবি করে। স্বাধীন বাংলা নির্দিষ্ট ডিকয় (ফাঁদ) ফাইলের হঠাৎ পরিবর্তন, নাম বদল বা মুছে যাওয়ার মতো কার্যক্রম পর্যবেক্ষণ করে সম্ভাব্য ঝুঁকির সংকেত দেয়।
মোবাইল ডেটা ও টাকার সাশ্রয়
অ্যাপটির একটি ব্যতিক্রমী দিক হলো মোবাইল ডেটা সাশ্রয়ের হিসাব। ট্র্যাকার ও ক্ষতিকর ওয়েবসাইট লোড হওয়ার আগেই ব্লক করায় সেই ডেটা ফোনকে আর ডাউনলোড করতে হয় না। অ্যাপের ‘প্রোটেকশন সামারি’তে কত মেগাবাইট ডেটা সাশ্রয় হয়েছে এবং বাংলাদেশের প্রচলিত ডেটা প্যাকের দাম অনুযায়ী তার আনুমানিক মূল্য কত টাকা, তা দেখানো হয়। শুধু মোবাইল ডেটায় সাশ্রয় হওয়া অংশই টাকার হিসাবে ধরা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই হিসাব আনুমানিক এবং প্রকৃত সাশ্রয় নির্ভর করে ব্যবহারকারী কোন ওয়েবসাইটে যান ও কোন ডেটা প্যাক ব্যবহার করেন তার ওপর।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা
অ্যাপটির ওয়েব সুরক্ষা ফোনের ভেতরেই স্থানীয় ফিল্টার হিসেবে কাজ করে। এতে দূরবর্তী কোনো ভিপিএন সার্ভার নেই, ব্যবহারকারীর আইপি ঠিকানা বদলায় না এবং এইচটিটিপিএস সংযোগ ডিক্রিপ্ট করা হয় না। শুধু ডোমেইন নাম যাচাই করা হয়, পুরো ওয়েব ঠিকানা বা পেজের বিষয়বস্তু নয়। কিছু ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ ভিপিএন চালু থাকলে খুলতে চায় না; এ জন্য ‘ব্যাংকিং কম্প্যাটিবিলিটি মোড’ রাখা হয়েছে, যা শুধু গুগল প্লে থেকে আসা বা যাচাইকৃত ডিজিটাল স্বাক্ষরযুক্ত আসল অ্যাপের ক্ষেত্রে ওয়েব সুরক্ষা সাময়িকভাবে থামায় এবং অ্যাপ থেকে বের হলে আবার চালু করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুরক্ষা-সংক্রান্ত তথ্য বিক্রি বা বিজ্ঞাপনে ব্যবহার করা হয় না এবং প্রতিটি সুরক্ষা সুবিধা যেকোনো সময় বন্ধ করা যায়।
তবে অ্যাপের কিছু সুবিধা চালু করতে নোটিফিকেশন, ভিপিএন বা অ্যাক্সেসিবিলিটি-সংক্রান্ত অনুমতি প্রয়োজন হতে পারে। ওয়াই-ফাইয়ের তথ্য পড়ার জন্য অ্যান্ড্রয়েড লোকেশন অনুমতিও চায়; প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করা হয় না। তাই ব্যবহারকারীদের প্রতিটি অনুমতির উদ্দেশ্য বুঝে নিয়ে প্রয়োজন অনুযায়ী সুবিধা চালু রাখা উচিত।
বাংলাদেশের জন্য স্থানীয় উদ্যোগ
অ্যাপটি বাংলাদেশের ব্যবহারকারীদের বাস্তব চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষা এবং লাইট ও ডার্ক থিমের সুবিধা রয়েছে। গ্রাম ও মফস্বলের ধীরগতির ২জি/৩জি সংযোগেও নিরাপত্তা কার্যক্রম চালু থাকে এবং ওয়াই-ফাই ও মোবাইল ডেটার মধ্যে বদল করলেও সুরক্ষা বন্ধ হয় না। গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন এবং অ্যাপের ভেতর থেকেই হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে সহায়তা নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাপটি অ্যান্ড্রয়েড ৭.০ বা পরবর্তী সংস্করণের ফোন ও ট্যাবলেটে চলে। গুগল প্লে থেকে এটি বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং ১৫ দিনের বিনামূল্যের ট্রায়াল রয়েছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, স্বাধীন বাংলা এআই সিকিউরিটি একটি স্বতন্ত্র অ্যাপ; এটি বিকাশ, নগদ, রকেট, উপায়, কোনো ব্যাংক, মার্চেন্ট, মোবাইল অপারেটর, গুগল বা কোনো সরকারি সংস্থার অফিশিয়াল অ্যাপ নয়। ঢাকার গুলশানে অবস্থিত ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড সাইবার নিরাপত্তা, অডিট ও প্রশিক্ষণ সেবা দিয়ে থাকে।
ডিজিটাল আর্থিক লেনদেন, অনলাইন কেনাকাটা ও স্মার্টফোননির্ভর সেবা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার গুরুত্বও বাড়ছে। স্থানীয়ভাবে তৈরি এ ধরনের অ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। তবে কোনো নিরাপত্তা অ্যাপই শতভাগ সুরক্ষার নিশ্চয়তা দেয় না। সন্দেহজনক লিংকে ক্লিক না করা, পিন ও ওটিপি গোপন রাখা, বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ইনস্টল করা এবং নিয়মিত সফটওয়্যার হালনাগাদ করাও সমান গুরুত্বপূর্ণ।
বিভি/ এসআই
বসির আহমেদ