ধর্মীয় বিভাজন নয়, নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্ম, বর্ণ বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের মধ্যে কোনো ধরনের বিভাজন করতে দেবে না সরকার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই মূলনীতির আলোকে বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চায়। শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁও-এর হলি রোজারি চার্চ ক্যাম্পাসের মাদার তেরেসা ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ‘গৌরনদী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, অতীতে যারা ধর্মের নামে বা বিশেষ কোনো গোষ্ঠীর নামে রাষ্ট্র ও সমাজ দখল করতে চেয়েছে, তাদের দ্বারা গণতন্ত্র চর্চা সম্ভব নয়। তিনি আরও বলেন, “পৃথিবীর যেখানেই ধর্মের নামে শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, সেখানেই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে।” তিনি উল্লেখ করেন, তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকদের অধিকারে বৈষম্য করবে না। জহির উদ্দিন স্বপন বলেন, “কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিষ্টান বা কে পাহাড়ি—এই পরিচয়ে কাউকে ছোট বা বড় হিসেবে দেখার সুযোগ নেই। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সমান এবং সরকার তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গৌরনদী ও আগৈলঝাড়া এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে। মাঝে মাঝে স্বার্থান্বেষী মহল বিভাজন তৈরির চেষ্টা করলেও সচেতন জনগণের কারণে তারা সফল হয়নি। তিনি আরও বলেন, যারা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে কিন্তু বাস্তবে ভিন্ন রাজনীতি করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, তার নেতৃত্বে আগৈলঝাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা নিরাপদে বসবাস করছেন। বক্তারা ‘ইস্টার সানডে’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। জহির উদ্দিন স্বপন আশ্বাস দিয়ে বলেন, “যিনি যত বেশি সংখ্যালঘু, তার প্রতি আমার দায়িত্ব ও অগ্রাধিকার তত বেশি। আপনাদের আস্থার মর্যাদা আমি আমৃত্যু রক্ষা করব।” সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সিলভাস্টার সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেজগাঁও খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন হালদার, সংগঠক ফ্রান্সিস ঢাকি, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন বাদশা এবং আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায় প্রমুখ।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স