এরপর থেকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫ আগস্টকে ভারতের মূলধারার সঙ্গে কাশ্মীরের একীভূত হওয়ার দিন হিসেবে পালন করে। তবে জম্মু ও কাশ্মীরের ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) এই দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে।
তারপর থেকে জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ‘৩৭০ ধারা’ পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। ধারা বাতিলের সপ্তম বার্ষিকীর আগের রাতে দলটির প্রধান মেহবুবা মুফতির নেতৃত্বে শ্রীনগরে একটি মোমবাতি মিছিল করা হয়।
মেহবুবা মুফতি বলেন, ‘জম্মু ও কাশ্মীরের জন্য এটি একটি কালো রাত। আমরা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। যতদিন না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে এবং ‘৩৭০ ধারা’ ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততোদিন আমরা নীরব থাকবো না।’
যদিও ৩৭০ ধারা বাতিলের বিষয়ে ইন্ডিয়া জোটের অনেক দল নীরব থেকেছে, তবে কংগ্রেসসহ বেশিরভাগ দলই জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও তার বাবা ফারুক আবদুল্লাহ দিল্লিতে বিক্ষোভ করে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ন্যাশনাল কনফারেন্সের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি পূরণ করেনি।
বিজেপি বরাবর দাবি করে আসছে, ‘৩৭০ ধারা’ বাতিল এবং জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার ফলে সন্ত্রাসবাদ কমেছে এবং উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে।
তবে সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলার পর ন্যাশনাল কনফারেন্স বিজেপির এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। দলটির দাবি, কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। তথ্যসূত্র: এনডিটিভি
বসির আহমেদ