ঢাকা | বঙ্গাব্দ

পে-স্কেলের গেজেট নিয়ে অনিশ্চয়তা, কাটছাঁট হতে পারে সুপারিশও!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
পে-স্কেলের গেজেট নিয়ে অনিশ্চয়তা, কাটছাঁট হতে পারে সুপারিশও! ছবির ক্যাপশন:
ad728

শুরুতে কমিশনের সুপারিশ ছিল তিন ধাপে বাস্তবায়নের। সে অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর করার প্রস্তাব ছিল।

তবে পরবর্তী পর্যালোচনায় দেখা যায়, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীর বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রস্তাবিত বেতনের অর্ধেক কার্যকর করলে প্রকৃত বেতন বৃদ্ধি খুব বেশি হবে না। এতে বেতন কাঠামোয় অসামঞ্জস্যও তৈরি হতে পারে।

এ অবস্থায় দুই ধাপে বাস্তবায়নের বিকল্প নিয়েও আলোচনা হয়। সেখানে চলতি বছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭-২৮ অর্থবছর থেকে নতুন ভাতা চালুর প্রস্তাব ওঠে। তবে সেটিও চূড়ান্ত হয়নি।

সর্বশেষ আলোচনায় আবার তিন ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এবার প্রথম ধাপে শুধু মূল বেতন এবং পরবর্তী দুই ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা কার্যকরের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে সচিব কমিটির সর্বশেষ বৈঠকেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে ১২ থেকে ১৬ জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধি দল ঢাকা সফরকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে নতুন পে-স্কেলের অর্থায়ন নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে আইএমএফ কোনো আনুষ্ঠানিক আপত্তি জানায়নি।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন-গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ২৫ হাজার ৫১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা, যা আগের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৫৫ হাজার কোটি টাকা বেশি। সংশ্লিষ্টদের ধারণা, এই অতিরিক্ত বরাদ্দের বড় অংশ নতুন পে-স্কেল বাস্তবায়নেই ব্যয় হতে পারে।

তবে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাজেটে বরাদ্দ থাকলেও চলতি অর্থবছরে ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে। ফলে রাজস্ব আদায় ও ঋণের পরিস্থিতির ওপর নির্ভর করবে বাস্তবায়নের গতি।

উল্লেখ্য, ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশন সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব দেয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ বোনাস নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর 

ঈদ বোনাস নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর