গত কয়েকদিন ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের কৃষক আবুল বাশারের বাড়িতেই অবস্থান করছেন শাহিদা ফকির। তার দাবি, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা। প্রায় দুই দশক ধরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে মুম্বাইয়ে বসবাস করছিলেন তারা।
গত ১৮ বা ১৯ জুলাই রাতে বাজার থেকে ফেরার পথে নিজেদের সিআইডি পরিচয় দেওয়া কয়েকজন শাহিদাকে আটক করে। পরে কয়েকদিন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে বিমানে আসাম সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়।
অসুস্থ অবস্থায় বেনাপোলে পৌঁছানোর পর মানবিক কারণে তাকে আশ্রয় দেন ভাদিয়ালি গ্রামের কৃষক আবুল বাশার। স্থানীয়রাও বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
এদিকে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কলারোয়া থানা পুলিশ।
একদিকে নিজের পরিচয় ভারতীয় বলে দাবি, অন্যদিকে বাংলাদেশের মাটিতে অনিশ্চিত আশ্রয়। সীমান্তের এই মানবিক সংকটের দ্রুত সমাধান চান শাহিদা ফকির। তার প্রত্যাশা দুই দেশের প্রয়োজনীয় উদ্যোগে আবারও ফিরে যেতে পারবেন নিজের পরিবার, নিজের সন্তানদের কাছে।
বসির আহমেদ