ঢাকা | বঙ্গাব্দ

ইংলিশ চ্যানেলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাডুবি; নারী-শিশুসহ নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
ইংলিশ চ্যানেলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাডুবি; নারী-শিশুসহ নিহত ৩ ছবির ক্যাপশন:
ad728

ফ্রান্সের সামুদ্রিক পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে ১০৫ জন যাত্রী বহনকারী একটি ফোলানো নৌকা বিপদে পড়ার পর জরুরি সহায়তার সংকেত পাঠায়। শান্ত সমুদ্রের মধ্যেই নৌকাটি সমস্যায় পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আহতদের চিকিৎসা দেয়। তিনজনকে নৌকার ওপরই চিকিৎসা দেওয়া হয়। পরে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পাঠানো জরুরি চিকিৎসা দলের সদস্যরা তাদের মৃত ঘোষণা করেন।

পা-দ্য-কালে অঞ্চলের প্রিফেক্ট ফ্রাঁসোয়া-জাভিয়ের লশ এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটি সম্ভবত ডুবে যাওয়ার কারণে নয়; বরং নৌকার ভেতরে অতিরিক্ত ভিড়ের কারণে চাপাচাপিতে ঘটেছে। বিশেষ করে ১০ বছরের শিশুটির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উইসাঁ শহরের উপকূলে ঘটে। এলাকাটি কালে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন বলেও জানানো হয়। দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত এবং আবহাওয়া ভালো ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি একটি ‘ওয়াটার ট্যাক্সি’র মতো করে ব্যবহার করা হচ্ছিল। এটি ভেতরের একটি জলপথ থেকে তুলনামূলক খালি অবস্থায় এসে উইসাঁর সৈকত থেকে যাত্রী তুলেছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছয়টি উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলে কাজ করছিল। পানিতে কেউ পড়ে গেছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইংলিশ চ্যানেলে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের অনেকে পানিতে ডুবে মারা গেছেন। আবার অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় দুর্ঘটনাতেও প্রাণহানি হয়েছে।

গত সপ্তাহেও উত্তর ফ্রান্সে এ ধরনের বিশৃঙ্খল ‘ওয়াটার ট্যাক্সি’ যাত্রার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বছর এখন পর্যন্ত ১৮ হাজার ৬০৯ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪০ শতাংশেরও বেশি কম। ২০২৪ সালের একই সময়ের তুলনায়ও এ সংখ্যা ২৫ শতাংশের বেশি কম। ওই সময়ে ২৫ হাজার ১৬৫ জন চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে উত্তর ফ্রান্সের সৈকতগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিসা না থাকা ব্যক্তিরা মানবপাচারকারীদের অর্থ দিয়ে ঝুঁকিপূর্ণ রাবারের নৌকায় চড়ে বিশ্বের ব্যস্ততম নৌপথগুলোর একটি পাড়ি দেওয়ার চেষ্টা করেন। ফরাসি ও ব্রিটিশ সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, গত বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অন্তত ২৯ জন প্রাণ হারান।

এদিকে, আগস্টে সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৮০ জনের বেশি মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে একটি শিশুও ছিল। ইংলিশ চ্যানেলে এই প্রাণহানির ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাজ্য সরকার শরণার্থী পুনর্বাসনের একটি কর্মসূচি আবার চালুর ঘোষণা দিয়েছে।

সোমবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ যুক্তরাজ্যে শরণার্থী পুনর্বাসন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তিনি নিরাপদ ও বৈধ পথে শরণার্থীদের যুক্তরাজ্যে আসার সুযোগের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, কর্মসূচিটি তাৎক্ষণিকভাবে পুনরায় চালু হবে। এর আওতায় যুক্তরাজ্যে পুনর্বাসিত শরণার্থীদের প্রায় এক-চতুর্থাংশ ফিলিস্তিনি এবং আফগানিস্তানের নারী ও কিশোরী হতে পারেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংলিশ চ্যানেলে প্রাণহানির বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত রয়েছেন।

সূত্র: গার্ডিয়ান


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী