শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাটের পুরোনো পুলিশ লাইনস কমপ্লেক্সে এ হামলা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি কমপ্লেক্সের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের স্থানে বড় গর্তও তৈরি হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর বিশেষ শাখার একটি ভবনের কাছে আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর পুলিশ ও কাউন্টার টেররিজম বিভাগের সদস্যদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। পুলিশের অভিযানে একজন হামলাকারী নিহত হয়েছেন।
কোহাটের জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহতকে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। উদ্ধারকাজের পাশাপাশি পুলিশ কমপ্লেক্সে অভিযান চলছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি, আরব নিউজ
বসির আহমেদ