চীন সফর শেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরানের বিষয়ে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না।
এদিকে, ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া বাধাগ্রস্ত করতে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব নাকচ করেছে কংগ্রেসের উচ্চকক্ষ-সিনেট। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৪৮ এবং বিপক্ষে ৫১ ভোট পড়ে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজ্যুলেশনের আওতায় উত্থাপিত প্রস্তাবটি বাতিলের মাধ্যমে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে সমর্থন পুনর্ব্যক্ত করলো কংগ্রেস।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর উচ্চকক্ষ-সিনেট আর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এনিয়ে চতুর্থ দফায় এ ধরনের প্রস্তাব বাতিল হলো। যদিও, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে মার্কিনীদের যুদ্ধবিরোধী মনোভাবকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছিলো।
বসির আহমেদ