আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের মধ্য দিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা হারায় আর্জেন্টিনা। নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হওয়ায় এখন থেকে এই স্বর্ণালী ব্যাজটি ব্যবহার করবে স্পেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে যুক্ত হয়েছিল এই বিশেষ ব্যাজ। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলোতে গত চার বছর ধরে সেটিই ব্যবহার করে আসছিল আলবিসেলেস্তেরা। তবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার পর ব্যাজটি স্পেনের কাছে চলে গেছে।
তবে আর্জেন্টিনার জার্সি পুরোপুরি আগের অবস্থায় ফিরছে না। এখন থেকে জার্সিতে থাকবে ২০২৪ কোপা আমেরিকা জয়ের স্মারক প্যাচ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
অন্যদিকে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। পুরো ম্যাচে আর্জেন্টিনা আক্রমণে ছিল নিষ্প্রভ। নির্ধারিত ৯০ মিনিটে তারা প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি। অতিরিক্ত সময়েও নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।
এদিকে, ফাইনালের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এসব দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
বসির আহমেদ