চাঁদের মাটি মূলত উল্কাপিণ্ডের আঘাতে তৈরি চূর্ণ পাথর ও ধূলিকণা। এতে পৃথিবীর কৃষিজমির মতো জৈব পদার্থ নেই। ফলে শুধু এই কৃত্রিম মাটিতে আলু চাষের চেষ্টা সফল হয়নি। সমস্যা কাটাতে গবেষকেরা মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার মেশান। পরীক্ষায় দেখা যায়, জৈব সারের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আলুর বৃদ্ধি ও ফলনও বাড়ছে। ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো মাটিতে উৎপাদিত আলুর বৃদ্ধি ও ফলন পৃথিবীর মাটিতে জন্মানো আলুর সমপর্যায়ে পৌঁছায়। প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা আরও পাঁচ ধরনের কৃত্রিম চাঁদের মাটিতে আলু চাষ করে দেখেছেন, মাটির গঠনভেদে ফলাফলে পার্থক্য হয়। কিছু নমুনায় গাছের বৃদ্ধি ও আলুর ফলন তুলনামূলক কম ছিল। তবে উৎপাদিত আলুর পুষ্টিমান পৃথিবীর মাটিতে জন্মানো আলুর কাছাকাছি পাওয়া গেছে। ক্ষতিকর প্রাকৃতিক উপাদান গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি। গবেষণাটির নেতৃত্বে ছিলেন উদ্ভিদ জীববিজ্ঞানী আইমেরিক গোয়ার। তার দলের মতে, ভবিষ্যতে নভোচারীরা চাঁদে খাদ্যবর্জ্য ও উদ্ভিদের অবশিষ্টাংশ থেকে জৈব সার তৈরি করে তা কৃষিকাজে ব্যবহার করতে পারেন। তবে এই সাফল্যকে চাঁদে কৃষিকাজ শুরুর চূড়ান্ত প্রমাণ ভাবার সুযোগ নেই। সেখানে পানির জোগান, তীব্র বিকিরণ, কম মাধ্যাকর্ষণ ও চরম তাপমাত্রার মতো চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। তারপরও দীর্ঘমেয়াদি চন্দ্রাভিযানে পৃথিবী থেকে খাবার বহনের ওপর নির্ভরতা কমানোর গবেষণায় এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বসির আহমেদ