শিক্ষা কার্যক্রম সচল রাখা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, মতামত নেবে সরকার
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তীব্র যানজটের প্রভাব সামাল দিয়ে দেশের শিক্ষা কার্যক্রম কীভাবে সচল রাখা যায় এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। এ লক্ষ্যে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় বিদ্যুৎ সাশ্রয় করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার কৌশল নির্ধারণে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হবে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই সভায় অংশ নেবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেবেন। সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে এই বৈঠকে বর্তমান পরিস্থিতিতে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে নানা প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠান সচল রাখার উপায় নির্ধারণে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সভাতেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। বরং অংশীজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অনলাইন-অফলাইনের সমন্বয়ে (ব্লেন্ডেড) ক্লাস পরিচালনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। এর আগে, গত (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিন, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের শিখন কার্যক্রম সচল রাখতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নতুন এই ব্যবস্থায় তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস নেওয়া হতে পারে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স