ঢাকা | বঙ্গাব্দ

দেশে এআই ডেটা সেন্টারে বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
দেশে এআই ডেটা সেন্টারে বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ছবির ক্যাপশন:
ad728

তবে সরকারের সাথে এই খাতে বিনিয়োগ আলোচনার দৌড়ে এগিয়ে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান এডিক। বাংলাভিশনের হাতে আসা নথিকে দেখা যায় সরকারকে প্রাথমিক ভাবে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। 

এ বিষয়ে সরকারকে গত ৩ নভেম্বর প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বাংলাদেশের প্রথম Frontier AI Data Centre and Quantum-Ready Sovereign Compute Campus স্থাপনের পরিকল্পনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি লেটার অব ইনটেন্ড (এলওআই) জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে কালিয়াকৈর হাইটেক পার্কে কমপক্ষে ১০০ একর জমি বরাদ্দ চায় এডিক। প্রথম পর্যায়ে ৩০ থেকে ৫০ মেগাওয়াট সক্ষমতার এআই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরবর্তী ২৪ থেকে ৬০ মাসের মধ্যে এর সক্ষমতা বাড়িয়ে ১০০ থেকে ২০০ মেগাওয়াটে উন্নীত করার কথা বলা হয়েছে। আর ৬০ মাসের পর কোয়ান্টাম-প্রস্তুত অবকাঠামো, উন্নত গবেষণাগার এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে কমপক্ষে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা চেয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা ২০০ মেগাওয়াট বা তার বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ, পানি সরবরাহ, উন্নত কুলিং ব্যবস্থা, উচ্চগতির ফাইবার নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল সংযোগের সুবিধা চেয়েছে তারা।

এডিক বলছে, এই ডেটা সেন্টার বাংলাদেশের নিজস্ব এআই সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে জাতীয় এআই মডেল, বাংলা ভাষাভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), সরকারি ডিজিটাল সেবা, সাইবার নিরাপত্তা এবং বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালনার অবকাঠামো থাকবে। এ ছাড়া স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, আর্থিক প্রযুক্তি, তৈরি পোশাক শিল্প, সরকারি প্রশাসন ও আন্তর্জাতিক ডিজিটাল সেবা খাতেও এ অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এডিকের সিইও এস এম আনিসুর রহমান বলেন, প্রকল্পটিকে জাতীয় অগ্রাধিকারমূলক বিনিয়োগ প্রকল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছি। প্রকল্পের মাধ্যমে ১০ হাজারের বেশি সরাসরি দক্ষ কর্মসংস্থান এবং ৫০ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যাশা করছি।

সরকারের ইতিবাচক সাড়া পেলে ২০২৭ সালের জানুয়ারির শুরুতে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন কার্যালয় গঠন, কারিগরি ও পরিবেশগত সমীক্ষা, বিস্তারিত প্রকৌশল পরিকল্পনা এবং বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম শুরু করতে চাই। এছাড়া ডিসেম্বরের শেষের দিকে ঢাকায় সরকারের সাথে একটি সম্ভাব্য বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, যুগের পরিবর্তনে এআই ডেটা সেন্টার, নিজস্ব লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম), সাইবার সিকিউরিটিতে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। দেশে এআই ডেটা সেন্টার নির্মাণে একাধিক দেশ আগ্রহ দেখিয়েছে। তবে এসব আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। নির্দিষ্ট প্রস্তাবনা পেলে সরকার অবশ্যই বিষয়টিকে ইতিবাচক হিসাবে বিবেচনা করবে বলে জানান তিনি।

ইন্টারক্লাউড লিমিটেডের সিইও মো. হাসিবুর রশিদ বলেন, আমাদের প্রতিনিয়ত এআই সংক্রান্ত কাজের চাপ বাড়ছে কিন্তু সেই ওয়ার্কলোড নেবার মতো সক্ষমতা আমাদের নেই। কিন্ত যদি নিজেদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিংবা ’সার্বভৌম এআই’ বানাতে চাই অবশ্যই এআই ডেটা সেন্টার লাগবে। 

তবে এআই ডেটা সেন্টারের পার্শ্বপ্রতিক্রিয়া ও বিবেচনায় থাকতে হবে। এই ধরনের ডেটাসেন্টার প্রচুর ইলেকট্রিসিটি/পাওয়ার শোষন করে ও ডেটা সেন্টারকে ঠান্ডা রাখার জন্য প্রচুর পানির প্রয়োজন যা দেশে পাওয়ার ও ভূগর্ভস্ত পানির উপর প্রভাব ফেলতে পারে। তবে দেশের ক্রম বর্ধমান এআই চাহিদা বিবেচনায় কনটেইনার ভিত্তিক মডুলার ডেটা সেন্টার (২-৫ মেগাওয়াট) তৈরির চিন্তা করা যেতে পারে । পরবর্তীতে চাহিদা বাড়লে ২০-৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার প্রতিষ্ঠায় সামগ্রিক পদক্ষেপ চিন্তা করতে হবে।

প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির বলেন, এআই ডেটা সেন্টার থেকে সেবা গ্রহনে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত নয় তবে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। 

নিজেদের এআই মডেল তৈরি করতে কিংবা দেশের তথ্য দেশেই রেখে তথ্য সুরক্ষায় এআই ডেটা সেন্টারের কোনো বিকল্প নেই। তবে দেশে এআই ডেটা সেন্টার নির্মাণে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।

এক. পাওয়ার এবং পানি: এই দুই খাতই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। দুই. সাইবার ঝুঁকি: সাইবার ঝুঁকি মোকাবেলায় এআই ব্যবহারে গার্ড রেইল বা ব্যবহারে লাগাম টানতে হবে।  তিন. এআই অবকাঠানো নির্মাণ ও গবেষণায় সরকারের সাথে বিশ্ববিদ্যালয়, গবেষক সহ  খাত সংশ্লিষ্টদের অবদান রাখতে হবে। 

আন্তর্জাতিক গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্ব ডেটা সেন্টার বাজারের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ডিসি মার্কেট ইনসাইটসের এক পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক ডেটা সেন্টার বাজারের আকার ছিল প্রায় ৫৭০ বিলিয়ন ডলার, যা ২০৩০ সালের মধ্যে বেড়ে ১ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। 

অন্যদিকে, গ্র্যান্ড ভিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৩ সালের মধ্যে এই বাজারের আকার ৯০২ দশমিক ২ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অন্যদিকে, আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জেএলএল-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ডেটা সেন্টার অবকাঠামো ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে প্রায় ৩ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে। 

এর মধ্যে ডেটা সেন্টার অবকাঠামো ও সম্পদ উন্নয়ন, ঋণ অর্থায়ন এবং জিপিইউ, সার্ভার ও নেটওয়ার্কিং সরঞ্জামে বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের সক্ষমতা বেড়ে প্রায় ২০০ গিগাওয়াটে পৌঁছাতে পারে।

বিভি/এসআই/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্