রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ে একটি গোল করেন কাভান। তার গোলে রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজিত থাকার ধারাও থেমে যায়।
ম্যাচের ৫০তম মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান কাভান। এটি ছিল টানা দ্বিতীয় ম্যাচে তার গোল এবং চলতি মৌসুমে ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে তৃতীয় গোল।
কাভানের এই কীর্তি আরও বিশেষ। এমএলএসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে তিনি মাত্র তৃতীয়, যিনি টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে দলের গোলে অবদান রেখেছেন।
২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের যেকোনো লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল কাভানের। তবে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল ও অ্যাসিস্টের জন্য তাকে চলতি মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন ধারাবাহিক পারফরম্যান্সে সেই অপেক্ষার জবাব দিচ্ছেন এই তরুণ।
রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়ার হয়ে প্রথম গোলটি করেন মিলান ইলোস্কি। ম্যাচের ২১ মিনিটে ক্যারিয়ারের সেরা ১১তম গোলটি করেন তিনি। দলের প্রথম দুই গোলে ইন্ডিয়ানা ভ্যাসিলিভ ও ড্যানলি জিন জ্যাকস নিজেদের চলতি মৌসুমের প্রথম দুটি অ্যাসিস্ট পান।
৬৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন ১৮ বছর বয়সী নীল পিয়েরে। সাত ম্যাচে এটি তার চতুর্থ গোল। তার গোলে সহায়তা করেন ব্রুনো দামিয়ানি ও ইলোস্কি।
শেষ দিকে ৭৪ মিনিটে রেড বুলসের হয়ে একটি গোল শোধ করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। গত মৌসুমে ১৭ গোল করা এই ফরোয়ার্ডের চলতি মৌসুমে এটি তৃতীয় গোল। তবে শেষ পর্যন্ত কাভান সুলিভানের ফিলাডেলফিয়া ইউনিয়নই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
বসির আহমেদ