হঠাৎ পরিবর্তন হলো দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানিখাতে অস্থিরতা দেখা দিয়েছে। দেশেও পড়েছে এই অস্থিরতার ছায়া। জ্বালানি সাশ্রয়ে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। যার মধ্যে রয়েছে দোকানপাট-শপিংমল বন্ধের সময়সীমা। শুরুতে রাজধানীর সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ ছিল। কিন্তু সেটা পরিবর্তন করে আরও ১ ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুনভাবে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিংমল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসে জ্বালানি তেলের প্রয়োজনীয় মজুত আছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, তিন মাসের পেট্রোল ও অকটেনেরও মজুত রয়েছে। জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পাওয়া গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, তিন মাসের চাহিদা মেটানোর জন্য জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স