বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত মার্চে একটি জুরি বোর্ড মেটাকে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন শিকারিদের ঝুঁকিতে ফেলা এবং অন্যান্য ক্ষতির জন্য দায়ী করে অঙ্গরাজ্যটিকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ায় ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে ৫৬৭ মিলিয়ন ডলারে দাঁড়ায়।
তবে আদালতের এই সিদ্ধান্ত মেনে নেয়নি মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। এক বিবৃতিতে মেটা বলেছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখতে তারা কাজ করছে এবং ক্ষতিকর ব্যক্তি ও বিষয়বস্তু শনাক্ত ও অপসারণের চ্যালেঞ্জ সম্পর্কে তারা স্বচ্ছ রয়েছে।
২০২৩ সালে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠানটি শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
মামলার চূড়ান্ত শুনানিতে প্রসিকিউটর লিন্ডা সিঙ্গার অভিযোগ করেন, মেটার অ্যালগরিদম প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কিশোরদের তৈরি কনটেন্টের দিকে পরিচালিত করেছে। একই সঙ্গে তরুণদের নিরাপত্তা-ঝুঁকি সম্পর্কে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ তথ্য গোপন করেছে বলেও অভিযোগ করা হয়।
বসির আহমেদ