বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, টাটা কেমিক্যালসের পরিবর্তে কেনিয়ায় দুটি নতুন প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে একটি প্রতিষ্ঠান কাজিয়াদো অঞ্চলে বড় একটি কাচ তৈরির কারখানা স্থাপন করবে। অন্য প্রতিষ্ঠানটি রাসায়নিক উৎপাদনে কাজ করবে।
এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপ জানিয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান টাটা কেমিক্যালস লিমিটেডকে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে সোডা অ্যাশ রফতানিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এরপর বৃহস্পতিবার কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরে গিয়ে টাটা কেমিক্যালসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান প্রেসিডেন্ট রুটো।
তিনি বলেন, টাটা কোম্পানির সঙ্গে কেনিয়ার ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু এত দীর্ঘ সময়েও কাজিয়াদো অঞ্চলে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য কোনো শিল্পকারখানা গড়ে তুলতে পারেনি। স্থানীয় জনগণের জন্যও তেমন কোনো সুযোগ সৃষ্টি হয়নি।
রুটো বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখানে দুটি নতুন কোম্পানিকে নিয়ে আসব। একটি কাজিয়াদোতে বড় কাচের কারখানা স্থাপন করবে এবং অন্যটি রাসায়নিক উৎপাদন করবে।’
এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা কি অন্য দেশের বা প্রতিষ্ঠানের দাস হয়ে থাকব?’
এদিকে, কেনিয়া সরকারের এই সিদ্ধান্ত নিয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বসির আহমেদ