তেল পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 31, 2026 ইং
ছবির ক্যাপশন:
জ্বালানি তেল মজুত ও পাচার প্রতিরোধে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় তৎপরতা বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, মোবাইল টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং অননুমোদিতভাবে তেল মজুত ও পাচার রোধে আমরা সীমান্ত এলাকায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছি। গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া সীমান্ত সংলগ্ন ফিলিং স্টেশন ও ডিলারদের তেল উত্তোলন ও বিক্রয় নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। তিনি আরও জানান, সন্দেহভাজন যানবাহনে আকস্মিক তল্লাশি, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট শনাক্তকরণের জন্য গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে, যাতে তারা অবৈধ তেল মজুত ও পাচার থেকে বিরত থাকে। বিজিবির এই তৎপরতার মাধ্যমে লালমনিরহাট সীমান্তে তেল পাচারের প্রবণতা কমানো এবং সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স