বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ব্রেইন স্টেশন টুয়েন্টি থ্রি পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগ সাইবারস্টেশন। অনুষ্ঠানে ব্রেইন স্টেশন টুয়েন্টি থ্রি'র নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস দেশের নিজস্ব সাইবার সক্ষমতা বাড়ানো, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো এবং দেশীয় উদ্ভাবন জোরদারের ওপর গুরুত্ব দেন।
সাইবারস্টেশনের সাইবার নিরাপত্তা সেবাবিষয়ক প্রধান মোহিব্বুল মোক্তাদীর তানিম বলেন, সাইবার ঝুঁকি শনাক্ত করা গেলে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। অপরাধীদের অপব্যবহারের আগেই উন্মুক্ত তথ্য শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের ডার্ক ওয়েব ঝুঁকি ও তা মোকাবিলার উপায় নিয়ে প্যানেল আলোচনা হয়। এতে অংশ নেন ইউজিসির পরামর্শক অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার রহমান, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান মোহাম্মদ শামসুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব মো. ইমরান খান এবং টেক স্পেশালিস্ট মাহতাব উদ্দিন আহমেদ।
সেমিনারে ব্যাংকিং, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সরকার ও শিক্ষাঙ্গনের প্রায় ১০০ জন প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা পেশাজীবী অংশ নেন। আলোচনায় সাইবার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বসির আহমেদ