জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের ম্যাচে এতোদিন ৫০ হাজার টাকা করে পেতেন ক্রিকেটাররা। এখন তা দ্বিগুণ হয়েছে। টি-টোয়েন্টিতে ৪০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এ সিদ্ধান্তের বাইরে থাকছে।
গত মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন তামিম। এবার ছয় মাসের ব্যবধানে তা আরও ৫০ হাজার টাকা বাড়ানো হলো।
বিপিএল নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্তের পর ক্রিকেটারদের আয় কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিলো। এ নিয়ে কোয়াবের সঙ্গে বৈঠকে ম্যাচ ফি বাড়ানোর প্রতিশ্রুতি দেয় বিসিবি। এবার তা বাস্তবায়ন করা হলো।
তামিম জানিয়েছেন, নতুন কাঠামোয় একজন ক্রিকেটার বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। দুই বছর পর বিসিবির আর্থিক অবস্থা ভালো থাকলে ম্যাচ ফি আরও বাড়ানোর কথাও বলেছেন তিনি।
এদিকে নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণিতে ২০ হাজার থেকে ৪০ হাজার, একদিনের ম্যাচে ২০ হাজার থেকে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।
বসির আহমেদ