দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ হাজির হতে বলা হয়েছে। দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত ওই নোটিশের বরাতে রবিবার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
নোটিশে বলা হয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে কমিশন।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান এবং প্রতিবেদন তৈরির জন্য দুদক দুই সদস্যের একটি দল গঠন করেছে। এতে পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করা হয়েছে।
দুদকের নোটিশে নির্ধারিত তারিখ ও সময়ে প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের জুনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের জুন পর্যন্ত এ পদে ছিলেন।
বসির আহমেদ