সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতেই এই ট্রলি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সে দেশের সংবাদমাধ্যম ‘আজেল’ জানায়, মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড গত বুধবার কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে তাদের এই মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষও বহাল রাখে।
ভিয়েনা কনস্যুলার সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী বিদেশে কোনো নাগরিক গ্রেফতার হলে তার অনুরোধে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবহিত করার নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়েছিলো কি না, সেটি এখনও অস্পষ্ট। নিহতদের পক্ষে আইনজীবী নিয়োগ বা আপিলের সুযোগ ছিল কি না, তাও জানা যায়নি।
পুরো ঘটনার বিস্তারিত তথ্য, নিহতদের পরিচয়, অভিযোগের ধরন এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানতে গত বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়া গেলেই এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।
বিভি/বিএস/এসজি
বসির আহমেদ