ঢাকা | বঙ্গাব্দ

দালালদের ফাঁদে প্রাণ গেল যুবকের, ৩১ লাখ টাকা হারিয়ে সন্তানের অপেক্ষায় মা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
দালালদের ফাঁদে প্রাণ গেল যুবকের, ৩১ লাখ টাকা হারিয়ে সন্তানের অপেক্ষায় মা ছবির ক্যাপশন:
ad728

প্রায় ৩১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও সন্তানকে জীবিত উদ্ধার করতে না পেরে এখন লাশের অপেক্ষায় দিন গুনছেন এক বৃদ্ধা মা।​ শনিবার সকালে সদর উপজেলার খোয়াজপুরের মঠেরবার এলাকায় অভিযুক্ত দালাল সুমন সরদার, দেলোয়ার সরদার, সোহাগি বেগম ও সিমু আক্তারের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়। 

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার নিহত মাসুম আকনকে (২৫) বৈধ ভিসায় ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে ২৫ লাখ টাকায় চুক্তি করে স্থানীয় দালাল দেলোয়ার সরদার, তার স্ত্রী সোহাগী বেগম এবং সুমন সরদার। 

চুক্তি অনুযায়ী পরিবারের কাছ থেকে ২১ লাখ টাকা নিয়ে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তাকে বিদেশে পাঠানো হয়। ইতালির কথা বলে তাকে সৌদি আরব ও মিশর হয়ে লিবিয়ার বন্দিশালায় আটকে রাখা হয়। মুক্তিপণ হিসেবে নড়াইলের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরও ৯ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।​

পরবর্তীতে আরও ৫ লাখ টাকা না পেয়ে মাসুমের ওপর অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। মোট ৩০ লাখ ৯০ হাজার টাকা খুইয়ে এবং সন্তানকে হারিয়ে এখন তার লাশের অপেক্ষায় দিন গুনছেন মা কুট্টি বিবি। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং মাসুমের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মানবপাচার মামলায় দেলোয়ারসহ মোট তিনজনকে আমরা গ্রেফতার করেছি এবং মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ