নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বসির আহমেদ