২-০ গোলে জয়ের স্কোর লাইন যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজে জয় আসেনি আর্সেনালের। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে জয় পেতে যদিও ভালোই ঘাম ঝরাতে হয়েছে গানারদের।
ম্যাচের প্রথমার্ধে লিগ চ্যাম্পিয়নদের সাথে সমান তালে লড়াই করেছে সান্ডারল্যান্ড। প্রথমে গোলের সুযোগও পায় তারা। তবে পেনাল্টি মিস করেন এনজো। ৫৮ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের জালের দেখা পায়নি আর্সেনাল। ডেড লক ভাঙেন ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারেস। এই এক গোলের লিড নিয়েই ম্যাচ শেষ করার পথে ছিলো গানাররা।
ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজেদের ডি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন সান্ডারল্যান্ডের মান্দাভা। প্রতিপক্ষকে দিয়েছেন পেনাল্টি উপহার। স্পট কিক থেকে গোল করতে বেগ পেতে হয়নি সাকার।
টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গানাররা। পেছনে ফেলেছে ম্যানচেস্টার সিটিকে। যদিও ম্যানসিটি একটি ম্যাচ কম খেলেছে। আজ ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে সিটিজেনরা।
এদিকে আর্সেনালের জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে চেলসি ও লিভারপুল। ঘরের মাঠ এনফিল্ডে লিভারপুল গোলশূন্য ড্র করেছে ফুলহামের বিপক্ষে। অন্যদিকে নিজদের মাঠে হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। সাত পয়েন্ট নিয়ে চেলসি আছে চতুর্থস্থানে, লিভারপুলের অবস্থান ছয়ে।
বসির আহমেদ