মুক্তিপণ দিয়ে ফিরেছেন অপহৃত ৬ জেলে, খোঁজ নেই চারজনের
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ছয়জন জেলে মুক্তিপণের টাকা দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে লোকালয়ে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং এর এক দিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। এর আগে গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হয় বলে জানান ফিরে আসা জেলেরা। ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানান, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা, আনারুল, সুশান্ত ও ইমরানের কাছ থেকে মাথাপিছু ৩৫ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে বনদস্যুরা। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোনো খোঁজ মেলেনি। তারা আরও জানান, বনদস্যু ডন বাহিনী ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে। ফিরে আসা জেলে সাদ্দাম হোসেন জানান, তিনি ৪০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে ইউনুস আলী ও সাইফুল গাইনও ফিরে এসেছেন। ভুক্তভোগী জেলেরা আরও জানান, তারা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া আহরণের উদ্দেশ্যে বনে প্রবেশ করেছিলেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। দস্যুরা টার্গেট করে তাদের ধরে নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের এখনো কিছু জানানো হয়নি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ধরনের ঘটনায় জেলেরা অনেক সময় নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তারা পুলিশকে তথ্য দিতে চান না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স