চেঞ্জডটওআরজি প্ল্যাটফর্মে গিসেলা সানচেজ নামে এক আর্জেন্টাইন ফুটবল সমর্থক এই পিটিশন চালু করেন। আবেদনে ফিফার কাছে ফাইনালের দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের পারফরম্যান্স এবং ম্যাচে ব্যবহৃত ভিএআর সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে।
পিটিশনের উদ্যোক্তার অভিযোগ, ম্যাচে এমন কিছু রেফারিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা খেলার গতিপথে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি তিনি কয়েকটি অনিয়মের কথাও উল্লেখ করেছেন। তবে এসব দাবির পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবুও তিনি পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে ক্রীড়া আইন ও ফিফার প্রচলিত বিধিমালা অনুযায়ী, কোনো ম্যাচ পুনরায় আয়োজনের জন্য বিশেষ ও ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োজন হয়। শুধু অনলাইন পিটিশন বা জনমত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার ফলাফল পরিবর্তন করতে পারে না এবং এমন আবেদনের কোনো বাধ্যতামূলক আইনি বা আনুষ্ঠানিক বৈধতাও নেই।
বিশ্বকাপ চলাকালে এটিই প্রথম এমন উদ্যোগ নয়। এর আগে ফ্রান্সেও একটি অনলাইন ক্যাম্পেইনে ৮২ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিলো, স্পেনের বিপক্ষে সেমিফাইনালে একটি বিতর্কিত ঘটনার পর ম্যাচটি পুনরায় আয়োজন করা হোক। তবে সেই আবেদনও কোনো ফল বয়ে আনেনি।
বসির আহমেদ