রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। সেখানেই কেন্দ্রীয় ব্যাংকের মুনাফার এ তথ্য তুলে ধরা হয়। একই বৈঠকে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিট মুনাফায় বড় প্রবৃদ্ধির নেপথ্যে কী? সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্যসংকট। এ সংকট মোকাবিলায় বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয়ও বেড়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা রয়েছে। এসব বিনিয়োগ থেকেও গত অর্থবছরে ভালো আয় এসেছে। ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ আয় এবং বৈদেশিক বিনিয়োগের মুনাফা—দুইয়ের সম্মিলিত প্রভাবেই নিট মুনাফা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা ছিল প্রায় ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরের অর্থবছর ২০২৪-২৫-এ তা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৬২০ কোটি টাকা। আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে নিট মুনাফা আরও বেড়ে হয়েছে ২৫ হাজার ৯০০ কোটি টাকা।
অর্থাৎ মাত্র দুই বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা প্রায় ১০ হাজার ৬০০ কোটি টাকা বেড়েছে।
বসির আহমেদ