চুরির ঘটনাটি ঘটেছে দ্য মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টস (এমএকে)-এ। পুলিশ জানিয়েছে, দুই চোরের কেউই মাস্ক পরেনি। ফলে সিসিটিভি ক্যামেরায় তাদের চেহারা স্পষ্টভাবে ধরা পড়েছে। পরিচয় গোপন করার কোনো চেষ্টা না করেই তারা প্রদর্শনীর কাচ ভেঙে মূল্যবান হারটি নিয়ে পালিয়ে যায়।
অস্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফরাসি জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের তৈরি হারটিতে রয়েছে ৬৭৩টি মূল্যবান রত্নপাথর। প্রায় ২০০ ক্যারেটের প্লাটিনাম ও হিরার এই অলংকারটি সাবেক মিসরীয় রাজপরিবারের জন্য তৈরি করা হয়েছিল।
১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার মেয়ে ফায়জার সঙ্গে ইরানের তৎকালীন হবু শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিয়েতে হারটি পরেছিলেন। জুন থেকে জাদুঘরটিতে ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস-এর প্রায় ৫০০টি অলংকার নিয়ে প্রদর্শনী চলছিল। চুরির পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন জাদুঘরে একের পর এক বড় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত অক্টোবরে প্যারিসের লুভর জাদুঘরে মাত্র আট মিনিটে ১০২ মিলিয়ন ডলার মূল্যের গহনা লুটের ঘটনা ঘটে। এর আগে স্পেনের ট্রেজার অব ভিলেনা জাদুঘর থেকেও স্বর্ণসহ মূল্যবান ঐতিহাসিক নিদর্শন চুরি হয়। সূত্র: উইয়ন নিউজ
বসির আহমেদ