এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিঅ্যাক্টর, টার্বাইন, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই ও পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ (শাটডাউন) করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সাময়িকভাবে কমানো বা বাড়ানো হতে পারে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন।
পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক শাটডাউন এবং বিদ্যুৎ সরবরাহের এই ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনাকারী কর্তৃপক্ষ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিভি/এমএন/পিএইচ
বসির আহমেদ