ঢাকা | বঙ্গাব্দ

এবারের এনসিএলে আলো ছড়ালেন যেসব উদীয়মান তারকারা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
এবারের এনসিএলে আলো ছড়ালেন যেসব উদীয়মান তারকারা ছবির ক্যাপশন:
ad728

এবারের এনসিএলের সবচেয়ে বড় প্রাপ্তি ২২ বছর বয়সী ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ময়মনসিংহের হয়ে মাত্র ৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান করেছেন তিনি, যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি (সর্বোচ্চ ২১৭*)। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পুরস্কার হিসেবে ডাক পান দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে। সাদমান ইসলামের চোটের সুযোগে জোহানেসবার্গে টেস্ট অভিষেকও হয়ে গেছে বিকেএসপির এই তরুণের। যদিও কাগিসো রাবাদার বলে প্রথম বলেই আউট হয়ে অভিষেকটা স্মরণীয় করতে পারেননি, তবু ঘরোয়া ক্রিকেটের এই ধারাবাহিকতা তাকে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া মাহফিজুলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করা। যদিও অভিষেকের প্রথম বলটি তার পক্ষে যায়নি।

পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে 'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' হয়েছেন রংপুরের মিম মোসাদ্দেক। ৭ ম্যাচের ১৪ ইনিংসে ৫৭.৪২ গড়ে আসরের সর্বোচ্চ ৮০৪ রান করেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি, পাশাপাশি উইকেটের পেছনে নিয়েছেন ১৪টি ডিসমিসাল।

ব্যাট হাতে ধারাবাহিকতার দুর্দান্ত ছাপ রেখেছেন চট্টগ্রামের সাদিকুর রহমান। ৭ ম্যাচের ১০ ইনিংসে ৬৯.৭০ গড়ে ৩টি সেঞ্চুরি ও ৩টি ফিফটিতে ৬৯৭ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। অন্যদিকে, ঢাকার হয়ে দারুণ পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ নাঈম। ৫ ম্যাচের ৭ ইনিংসে ১০২.০০ গড়ে তিনি করেছেন ৬১২ রান। ৩টি সেঞ্চুরির মধ্যে রাজশাহীর বিপক্ষে খেলা তার অপরাজিত ২৮২ রানের ইনিংসটি এবারের আসরের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

তরুণদের মধ্যে ব্যাট হাতে আলাদাভাবে নজর কেড়েছেন রাজশাহীর ২১ বছর বয়সী ব্যাটার নাইম আহমেদ। ৪২.৬৯ গড়ে ৫৫৫ রান করে, যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ২টি ফিফটি, তিনি জিতে নিয়েছেন 'ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট'-এর পুরস্কার।

বোলিং বিভাগেও তরুণ ও অভিজ্ঞদের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছেন দুই বাঁহাতি স্পিনার। চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদ ৭ ম্যাচে ২৩.২৯ গড়ে ৪১ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। খুব একটা পিছিয়ে ছিলেন না সিলেটের নাসুম আহমেদও। ৬ ম্যাচে মাত্র ২১.০০ গড়ে ৪টি ফাইফারসহ ৪০ উইকেট নিয়ে দলকে রানার্সআপ করতে বড় ভূমিকা রাখেন তিনি।

এ ছাড়া চ্যাম্পিয়ন খুলনার শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন তরুণ পেসার সফর আলী ও ওপেনার আজিজুল হাকিম তামিম। ৬ ম্যাচে ১৯.৫৮ গড়ে ২৪ উইকেট নিয়েছেন সফর আলী, যার মধ্যে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচেই নিয়েছেন ৯ উইকেট (দ্বিতীয় ইনিংসে ৫/৪০)। অন্যদিকে, ফাইনাল ম্যাচে এনামুল হক বিজয়ের (৮১) সঙ্গে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অপরাজিত ৭৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে নিজের সামর্থ্যের পুরো প্রমাণ দিয়েছেন তরুণ আজিজুল হাকিম তামিম।

ঘরোয়া ক্রিকেটে এসব উদীয়মান ক্রিকেটার নিয়মিত ভালো পারফর্ম করলেও তাদের জাতীয় দলে খেলার পথ কতটা সুগম হবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

বিভি/এসকে/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সুখবর দিলো কাতার

এবার বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সুখবর দিলো কাতার