বৃহস্পতিবার দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হয়। পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া ব্যবস্থার কারণে পরীক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ ঘটনায় নিজের দায় স্বীকার করে রোববার পদত্যাগের ঘোষণা দেন চোই।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে জানা যায়, শিক্ষামন্ত্রী বলেন, ‘দায়িত্বে থাকা মন্ত্রী হিসেবে আগে থেকে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা এড়ানোর সুযোগ আমার নেই। পরীক্ষা শেষ হওয়ার পর আমি গভীর দায়িত্ববোধ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেন। দেশটির বর্তমান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট।
গত এপ্রিল মাসে অনুষ্ঠিত জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী এআই ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ৩৪ বছর বয়সী হান ওন-সক নামের ওই পরীক্ষার্থী একটি ক্ষুদ্র ক্যামেরা, মোবাইল ফোন ও এআই টুল ব্যবহার করে প্রশ্নের উত্তর বের করেছিলেন বলে জানান। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে অস্বাভাবিক ভালো ফল করার পর তাঁর পরীক্ষা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
এক ভিডিও বার্তায় হান বলেন, ‘আমি মাইক্রো ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়েছি। এরপর মোবাইল ফোনে উত্তর যাচাই করে জালিয়াতি করেছি।’
এ ঘটনায় কর্তৃপক্ষ সুনেউং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে জরুরি নিরাপত্তাব্যবস্থা নেয়। এর অংশ হিসেবে পরীক্ষার দিন সারা দেশের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিন দফায় এসব বার্তা পাঠানো হয়। এতে দেশজুড়ে একযোগে ফোন বেজে ওঠে। এমনকি ফোন সাইলেন্ট মোডে থাকলেও এবং ডেটা রোমিং ব্যবহারকারী পর্যটকদের ফোনেও সতর্কবার্তা পৌঁছে যায়। তবে ফোন বন্ধ কিংবা এয়ারপ্লেন মোডে থাকলে সেগুলোতে শব্দ হয়নি।
পরীক্ষায় জালিয়াতি শনাক্ত করতে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহার করা হয়।
এ ছাড়া পরীক্ষার্থীদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে বলা হয়, যাতে সেগুলোর মধ্যে লুকানো ক্যামেরা থাকলে তা ব্যবহার করা না যায়। চশমাও পরীক্ষা করেন কর্মকর্তারা। এসব পদক্ষেপে প্রকৃত পরীক্ষার্থীদের মধ্যেও সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়।
পরীক্ষার আগে ‘কোরিয়া টাইমস’কে এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী জানান, তার মোটা ফ্রেমের চশমাকে স্মার্ট চশমা ভেবে ভুল করা হতে পারে বলে তিনি উদ্বিগ্ন ছিলেন। ইয়োনহাপকে আরেক পরীক্ষার্থী জানান, সাধারণত তিনি চশমা ব্যবহার করলেও সন্দেহ এড়াতে সুনেউং পরীক্ষার দিন কন্টাক্ট লেন্স পরার সিদ্ধান্ত নেন।
এবারের সুনেউং পরীক্ষায় প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেন। দেশটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবন ও ক্যারিয়ার নির্ধারণেও এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষা শেষ পর্যন্ত নয় ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের সুনেউং পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থীকে অনুমোদনহীন স্মার্ট ডিভাইসসহ শনাক্ত করা হয়েছে। সূত্র: বিবিসি
বসির আহমেদ